বিশ্বকাপের পর্দা উঠতে আর মাত্র কয়েকদিন বাকি। শেষ মুহূর্তে যখন শিরোপার দাবিদার দলগুলো পূর্ণ শক্তি নিয়ে প্রস্তুতি সারছে, তখন চোটের ধাক্কায় বেশ বিপাকে পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। স্কালোনির স্কোয়াডের অন্তত সাতজন ফুটবলার এখন শারীরিক সমস্যায় ভুগছেন। ফলে বিশ্বকাপের আগে আলবিসেলেস্তেদের ড্রেসিংরুমে বাড়ছে দুশ্চিন্তা।
প্রথম প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে হারালেও জয় ছাপিয়ে আলোচনায় এসেছে ইনজুরি সংকট। ম্যাচ শেষে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি জানান, এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। তিনি বলেন, ‘আমাদের কয়েকজন খেলোয়াড় এখনও শতভাগ ফিট নয়। বিষয়টি শুধু একজন ডিফেন্ডারকে ঘিরে নয়, আরও কয়েকজনকে নিয়ে আমাদের চিন্তা করতে হচ্ছে। সামনে আরেকটি প্রস্তুতি ম্যাচ আছে। সেটি শেষ হওয়ার পরই পরিস্থিতি পরিষ্কার হবে। মঙ্গলবারের আগে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।’
হন্ডুরাস ম্যাচের আগের দিনই বড় ধাক্কা খায় আর্জেন্টিনা। কাফ ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যান ডিফেন্ডার লিওনার্দো বালের্দি। তবে তাঁর বদলি এখনো ঘোষণা করেননি স্কালোনি। কারণ শুধু বালের্দির জায়গা নয়, পুরো স্কোয়াডের ফিটনেস পরিস্থিতি বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত নিতে চান তিনি।
চোটের তালিকায় রয়েছেন গঞ্জালো মন্তিয়েল ও নাহুয়েল মলিনা। দুই রাইটব্যাকই মাংসপেশির চোটে ভুগছেন। ২০২২ বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য লিয়ান্দ্রো পারেদেসও গ্রেড-১ পর্যায়ের মাংসপেশির ইনজুরিতে আক্রান্ত। অন্যদিকে স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ আঙুলের প্রদাহে ভুগলেও বিশ্বকাপ শুরুর আগেই সুস্থ হয়ে ওঠার আশা আছে।
গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজও পুরোপুরি ফিট নন। অ্যাস্টন ভিলার হয়ে ইউরোপা লিগ জেতা এই তারকা গোলকিপার ডান হাতের আঙুলের চিড় থেকে এখনো পুরোপুরি সেরে ওঠেননি। পাশাপাশি তরুণ মিডফিল্ডার নিকো পাজও বাম পায়ের ব্যথার কারণে শতভাগ ফিট নন।
সবমিলিয়ে বিশ্বকাপের আগে পূর্ণ শক্তির দল পাওয়া নিয়ে বড় অনিশ্চয়তায় পড়েছেন স্কালোনি। শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে একের পর এক চোট আর্জেন্টিনা শিবিরে বাড়িয়ে দিয়েছে উদ্বেগ। বর্তমান পরিস্থিতিতে বিশ্বচ্যাম্পিয়নদের ড্রেসিংরুম যেন ছোটখাটো চিকিৎসাকেন্দ্রেই পরিণত হয়েছে।