সহজ জয় নয়, শেষ পর্যন্ত রীতিমতো লড়াই করেই বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করল আর্জেন্টিনা। কেপ ভার্দের বিপক্ষে টানটান উত্তেজনার ম্যাচে ৩-২ গোলের জয় পেয়েছে লিওনেল স্কালোনির দল।
প্রথমার্ধে ম্যাচের ৩০ মিনিটে লিসান্দ্রো মার্টিনেজের লংবল থেকে দারুণ ফিনিশিংয়ে আর্জেন্টিনাকে লিড উপহার দেন লিওনেল মেসি। বিশ্বকাপে এটি ছিল তার ২০তম গোল। এই ১-০ ব্যবধান নিয়েই বিরতিতে যায় দুই দল।
বিরতির পর ৫৯ মিনিটে দোরি দুয়ার্তের দুর্দান্ত শটে সমতায় ফেরে কেপ ভার্দে। এরপর দুই দলই একাধিকবার গোলের সুযোগ তৈরি করে। মেসির দুটি ফ্রি কিক ও একটি শট দুর্দান্তভাবে রুখে দেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। নির্ধারিত সময়ে আর গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়ের শুরুতেই আবার এগিয়ে যায় আর্জেন্টিনা। মেসির কর্নার থেকে ফিরতি বলে জাল খুঁজে নেন প্রথম গোলে মেসিকে অ্যাসিস্ট করা লিসান্দ্রো মার্টিনেজ। তবে কয়েক মিনিটের মধ্যেই সিডনি লোপেস কাবরালের দুর্দান্ত শটে আবারও সমতায় ফেরে কেপ ভার্দে।
শেষ পর্যন্ত ১১১ মিনিটে ম্যাচের ভাগ্য গড়ে দেয় ওউন গোল। মেসির কর্নার থেকে নিজের জালেই বল জড়ান বরগেস। এরপর শেষ মুহূর্তে কাবরালের আরেকটি বিপজ্জনক ফ্রি কিক ঠেকিয়ে দেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। রুদ্ধশ্বাস এই জয় দিয়ে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জায়গা করে নিয়েছে বিশ্বকাপের শেষ ষোলোতে। রাউন্ড অব সিক্সটিনে তাদের প্রতিপক্ষ মোহাম্মদ সালাহর মিশর।