কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে এই জয় মোটেও সহজ ছিল না। ১২০ মিনিটের কঠিন লড়াইয়ের পর স্বস্তির নিশ্বাস ফেলেছেন কোচ লিওনেল স্কালোনি। ম্যাচ শেষে তিনি স্বীকার করেছেন, কেপ ভার্দে আর্জেন্টিনাকে দারুণ ভুগিয়েছে।
এটি ছিল আর্জেন্টিনার দায়িত্বে স্কালোনির ১০০তম ম্যাচ। জয় পাওয়ায় স্বস্তি প্রকাশ করে তিনি বলেন, ‘এই দল কখনও হাল ছাড়ে না। আমার শততম ম্যাচ হেরে যাওয়া মাথা নষ্ট করার মতো ব্যাপার হতো।’
এই ম্যাচকে নিজের কোচিং ক্যারিয়ারের অন্যতম কঠিন অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করে স্কালোনি বলেন, ‘এটা খুব কঠিন একটা ম্যাচ ছিল। আপনাকে সবসময় ইতিবাচক ব্যাপারগুলো নিতে হবে। এই দল কখনও হাল ছাড়ে না। আমি আমাদের প্রতিপক্ষকে অভিনন্দন জানাই। যখন বলা হয় কোনো সহজ প্রতিপক্ষ নেই... আজ তারা প্রমাণ করল যে তারা দুর্দান্ত একটি দল।’
কেপ ভার্দের বিপক্ষে এই জয় যে কতটা গুরুত্বপূর্ণ ছিল, সেটিও তুলে ধরেন আর্জেন্টিনা কোচ। তিনি বলেন, ‘দুঃস্বপ্নের মতো হতো। অবশ্যই ১০০ ম্যাচের মধ্যে এটাই আমাকে সবচেয়ে প্রভাবিত করেছে। ’
কঠিন পরীক্ষা উতরে শেষ ষোলো নিশ্চিত করলেও স্কালোনির কথায় স্পষ্ট, সামনে আরও বড় লড়াইয়ের আগে আর্জেন্টিনাকে নিজেদের খেলায় আরও উন্নতি করতে হবে।