সকল জল্পনা-কল্পনা আর প্রতিবাদের পর শেষ পর্যন্ত সৌদি প্রো লিগে ক্লাব বদল করলেন করিম বেনজেমা। আল ইত্তিহাদ ছেড়ে সরাসরি প্রতিদ্বন্দ্বী ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তি করেছেন ফরাসি এই তারকা। সোমবার রাতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ক্লাবটি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ক্লাবটি জানিয়েছে, ‘করিম বেনজেমা এখন আনুষ্ঠানিকভাবে হিলালি।’ সৌদি ক্রীড়া মন্ত্রণালয় ও পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) জটিলতায় সোমবার দিনভর আটকে ছিল এই দলবদল। তবে শেষ মুহূর্তে সব বাধা কাটিয়ে নতুন ক্লাবে যোগ দেওয়ার ইচ্ছা পূরণ হলো ৩৮ বছর বয়সী বেনজেমার।
আল ইত্তিহাদের সঙ্গে বেনজেমার চুক্তির মেয়াদ ছিল আর মাত্র ছয় মাস। তবে নতুন চুক্তির প্রস্তাবকে অসম্মানজনক মনে করে তা প্রত্যাখ্যান করেন তিনি। ইএসপিএনের খবর অনুযায়ী, ওই চুক্তিতে বিনা পারিশ্রমিকে খেলতে হতো বেনজেমাকে।
শেষ পর্যন্ত পিআইএফের উদ্যোগেই ২০২২ ব্যালন ডি’অরজয়ী তারকাকে নিজেদের করে নেয় আল হিলাল। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হন আল নাসরের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। প্রতিবাদ জানিয়ে সোমবার রাতে আল নাসরের ম্যাচ খেলতেও নামেননি তিনি।
রোনালদোর অভিযোগ, পিআইএফ আল নাসরের চেয়ে অন্য ক্লাবগুলোকে বেশি আর্থিক সুবিধা দিচ্ছে। তবে তার সেই প্রতিবাদও বেনজেমার দলবদল ঠেকাতে পারেনি।
ইউরোপের কয়েকটি ক্লাব থেকে প্রস্তাব পেলেও সৌদি আরবে থাকতে চেয়েছিলেন বেনজেমা। ২০৩০ সাল পর্যন্ত তার ইমেজ রাইটস চুক্তিও রয়েছে দেশটিতে।
বেনজেমার বিদায়ের পর আল ইত্তিহাদে তার জায়গায় যোগ দিচ্ছেন মরক্কোর ফরোয়ার্ড ইউসুফ এল-নেসিরি। একই সঙ্গে ইত্তিহাদ ছেড়ে তুরস্কের ক্লাব ফেনারবাখে যোগ দিচ্ছেন দ্যা এভারগ্রীন খ্যাত এনগলো কান্তে।