আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা এক রাতের শেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে শুধু গোল নয়, ছিল বিতর্কও। তবু সবকিছুকে ছাপিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্লে-অফের প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে বেনফিকাকে ১-০ গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। মঙ্গলবার রাতের ম্যাচে জয়সূচক গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।
গ্রুপপর্বের শেষ ম্যাচে বেনফিকার বিপক্ষে ৪-২ গোলে হেরে সরাসরি শেষ ষোলোয় ওঠার সুযোগ হারিয়েছিল রিয়াল মাদ্রিদ। মাসখানেকের ব্যবধানে সেই হতাশার কিছুটা হলেও জবাব দিল আলভারো আরবেলোয়ার দল।
ম্যাচে দাপট ছিল রিয়ালেরই। প্রায় ৫৬ শতাংশ সময় বল ছিল তাদের দখলে। ১৫টি শটের মধ্যে ৮টি ছিল লক্ষ্যে। অন্যদিকে বেনফিকা ৯টি শট নিয়ে ৩টি লক্ষ্যে রাখতে পারে। তবে গোলের হিসেবে ব্যবধান থেকে যায় একটিতেই।
১৯ মিনিটে বড় সুযোগ পেয়েও পোস্টের বাইরে মারেন ভিনিসিয়ুস। পাঁচ মিনিট পর বেনফিকার জোরাল শট দারুণ ক্ষিপ্রতায় ঠেকিয়ে দেন থিবো কর্তোয়া। ৪০ মিনিটে ট্রেন্ট আলেকজ্যান্ডার-আর্নল্ডের বাড়ানো বল থেকে খুব কাছ থেকে পা ছোঁয়াতে পারেননি কিলিয়ান এমবাপে।
তবে দ্বিতীয়ার্ধে বদলে যায় দৃশ্যপট। ৫০ মিনিটে এমবাপের পাস ধরে ডি-বক্সে ঢুকে জোরাল শটে বল জালে জড়ান ভিনিসিয়ুস। চ্যাম্পিয়নস লিগে এটি তার ৩১তম গোল, ব্রাজিলিয়ানদের মধ্যে তার চেয়ে বেশি গোল শুধু নেইমারর (৪৩)।
গোলের পর উদযাপন ঘিরে শুরু হয় নতুন বিতর্ক। আপত্তিকর উদযাপনের কারণে হলুদ কার্ড দেখেন ভিনিসিয়ুস। পরে বেনফিকার জানলুকি প্রেসতিয়ান্নির বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি। ম্যাচ শেষে ফেদে ভালভার্দে জানান, ভিনিসিয়ুসকে ‘বানর’ বলে ডাকা হয়েছে!যা সরাসরি বর্ণবাদী আচরণ। সেই ঘটনার জেরে প্রায় ১০ মিনিট খেলা বন্ধ থাকে।
খেলা পুনরায় শুরু হলে ৭৯ মিনিটে আরেকটি সুযোগ পান ভিনিসিয়ুস, কিন্তু কাজে লাগাতে পারেননি। ৮৫ মিনিটে প্রতিপক্ষকে ফাউল করে ফ্রি-কিক উপহার দেন তিনি। এদিকে বেনফিকা কোচ হোসে মরিনিয়ো বারবার কার্ডের দাবি তুলতে থাকলে রেফারির সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে দুই হলুদ কার্ড দেখে বহিষ্কৃত হন।
শেষ পর্যন্ত আর সমতায় ফিরতে পারেনি বেনফিকা। ঘরের মাঠে এক গোলের হার নিয়েই ফিরতি লেগের অপেক্ষা তাদের। আগামী বুধবার রিয়ালের মাঠে আবার মুখোমুখি হবে দুই দল।
দিনের অন্য ম্যাচে প্লে-অফে জয় পেয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। নিজেদের মাঠে আটলান্টাকে ২-০ গোলে হারিয়েছে তারা। দলের হয়ে গোল দুটি করেন সের্হু গিরাসি ও ম্যাক্সিমিলান বিয়ের। আগামী বুধবার ফিরতি লেগে আবারও মুখোমুখি হবে দুই দল।