অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচনের আগে আনসার বাহিনীর জন্য ১৭ হাজার শটগান কেনা হবে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে তিনি জানান।
অর্থ উপদেষ্টা বলেন, আনসারদের অস্ত্রগুলো অনেক পুরোনো হয়ে গেছে। তাই এই সিদ্ধান্ত। তবে আগের সিদ্ধান্ত অনুযায়ী ভোটকেন্দ্রের নিরাপত্তার জন্য ৪০ হাজার বডি অন ক্যামেরা কেনা হচ্ছে না। যেসব কেন্দ্র ঝুঁকিপূর্ণ সেখানে দেওয়া হবে। স্বচ্ছতার সঙ্গে কেনা হবে। ইসি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় আলোচনা করে ঠিক করবে।
তিনি বলেন, চাহিদা থাকায় এক কোটি ই-পাসপোর্টের বই কেনার জন্য বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া টিকার সংকটের বিষয়টি বিবেচনা করে ইপিআই টিকা কেনা হবে।
অর্থ উপদেষ্টা আরও বলেন, আসন্ন রোজায় পণ্যের দাম কম রাখতে এখন থেকেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। রোজার আগেই চাল, গম আনা হবে। এলসি খোলার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক আগের চেয়ে নমনীয় হয়েছে।